বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। এছাড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও দুই দেশ আলোচনা করেছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের মতো মানবিক ইস্যুগুলোও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।






















