জুলাই আন্দোলনকেন্দ্রিক মিরপুরের সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ১৯ নভেম্বর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাগর আহম্মেদ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হন সাগর। ওই দিন সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

























