১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট সচিব ও বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, যা তাদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
আইসিডিডিআরবি’র গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে, যা তাদের ঘুমের ব্যাঘাত ও শারীরিক স্থূলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদালত আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন।

























