বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, দলে থেকে আওয়ামী লীগের মতো আচরণ করা যাবে না। যারা এমন দ্বিমুখী নীতি অবলম্বন করছেন, তাদের চিহ্নিত করে রাখা হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান ঘটে। সেই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত হতে হবে। দলের অভ্যন্তরে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিহত করতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুলিশ ও বেসামরিক প্রশাসনসহ বুদ্ধিজীবী মহলের একাংশ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে প্রতিহত করা হয়েছে। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


























