আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে এর প্রতিবাদ জানানো হবে।
রোববার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী।
জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের সংকটকালে প্রবাসীরা বিশ্ববাসীর কাছে প্রকৃত সত্য তুলে ধরেছেন। তবে দেশে ফেরার পর বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


























