অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য হলেও গণভোট শত বছরের জন্য।
ড. ইউনূস গণঅভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ গড়ার এক অনন্য সুযোগ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইতিহাস আমাদের নতুন করে যে সুযোগ দিয়েছে, তা অন্য প্রজন্ম পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব, অন্যথায় জাতি মুখ থুবড়ে পড়বে। বিগত আমলের নির্বাচনগুলোকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি এই নির্বাচনকে অন্যান্য সাধারণ দায়িত্বের মতো না দেখে একটি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে পালনের আহ্বান জানান। তিনি এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখার আহ্বান জানান।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ‘ধাত্রী’র সঙ্গে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, ধাত্রী ভালো হলে জন্ম নেওয়া শিশুও ভালো হয়। সদ্য যোগদান করা ইউএনওদের প্রধান দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজন করা। তিনি কর্মকর্তাদের সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে নিজ নিজ এলাকার পোলিং স্টেশন পরিদর্শন এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন।
গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ভিত্তি স্থায়ীভাবে পাল্টে দেওয়া সম্ভব। ভোটাররা যেন কেন্দ্রে এসে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরির তাগিদ দেন তিনি। এছাড়া, নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, নারীরা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে হবে। শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি কর্মকর্তাদের এখন থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 



















