সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশ-১-এর আওতাধীন ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে বৃহস্পতিবার ৭০টি সাময়িকভাবে বন্ধ থাকলেও বাকি সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জামগড়া এলাকায় কিছু দুষ্কৃতকারী পুলিশের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। তবে বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে এবং শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল করতে দেখা গেছে।
তিনি আরও জানান, শ্রমিকদের উসকে দেওয়ার পেছনে বহিরাগত ও নাশকতাকারীদের হাত রয়েছে। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বোর্ড জানুয়ারি থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উসকানিদাতাদের শনাক্তে কাজ করছে এবং এ পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
























