সামাজিক বিভেদ দূর করে পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’। তরুণ প্রজন্মের অংশগ্রহণে মুখরিত এই আয়োজনে সামাজিক সংহতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার সূচনা হয়। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, বিএনপির জেলা সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এ. জেড. এম. সালেহ, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।
নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) পরিচালক মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। দিনব্যাপী এই মেলায় লাইভ আর্ট, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্যসহ নানা আয়োজনের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা হয়। এনএসএস আয়োজিত এই মেলায় সহযোগিতা করেছে অ্যাকশনএইড বাংলাদেশ।
























