শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের নতুন করে বিক্ষোভের মুখে পড়েছে পোশাক খাত। বৃহস্পতিবার সকালে কারখানায় হাজিরা দিয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং অন্যান্য কারখানার শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার আহ্বান জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
























