বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ব্যর্থতার দায় নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে খুন, ধর্ষণ ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তৎকালীন বিরোধী দল বারবার বলেছিল যে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তবে বাস্তবে পরিস্থিতি আরও অবনতি ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়েছে। নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও হামলার তীব্র নিন্দা জানান তিনি।
নাহিদ বলেন, একপক্ষে ফ্যাসিবাদের সহযোগীরা সহিংসতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, আর অন্যদিকে শাসকদল বিএনপি রাজপথে দমন-পীড়ন চালাচ্ছে। এই দ্বিমুখী আচরণের কারণে দেশের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটছে।

























