বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার (১৯) আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন। এর আগে, দুপুর ২টা ৩২ মিনিটে তাকে আদালতে হাজির করে আদালতের হাজতখানায় রাখেন তদন্ত কর্মকর্তা। এরপর ৩টা ১২ মিনিটে কড়া পুলিশি পাহারায় আসামি দিশাকে এজলাসে তোলা হয়। বেলা ৩টা ১৫ মিনিটে বিচারক উঠলে শুনানি শুরু হয়। এজলাসে শুনানিকালে তদন্ত কর্মকর্তা ও বিচারকের দিকে তাকিয়ে শুনানি শোনেন অভিযুক্ত দিশা। আইনজীবী তার পক্ষে শুনানি করলে তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেন। তদন্ত কর্মকর্তা বলেন, এখনো হত্যার কারণ নির্ণয় করা যায়নি, পুরো ঘটনা বের করতে তার আবারও রিমান্ড প্রয়োজন। রাষ্ট্র পক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী জানান, ভিক্টিমের সঙ্গে দিশাকে দুটি রেস্টুরেন্টে দেখা যায়। সেদিন দিশা ও দীপকে পাওয়া যায়। রিমান্ডে দুজন ব্যক্তি ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের সময় সাহসের সঙ্গে ভিডিও ধারণ করেছিলেন এই ভিক্টিম। এই হত্যার সঙ্গে কারা জড়িত তার পরিপূর্ণ তথ্য উদঘাটন করতে এই আসামির রিমান্ড প্রয়োজন। আসামি পক্ষের আইনজীবী জামাল উদ্দিন ভূইয়া রিমান্ড বাতিলপূর্বক আদালতে উল্লেখ করেন, আমার আসামি একজন শিক্ষার্থী, তার মাইগ্রেন রয়েছে। তাই আমরা রিমান্ড নামঞ্জুর চাচ্ছি। মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে পুনরায় আদালতে হাজির করা হয়। অপরদিকে, মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত সাউরির বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড আবেদনে সাতটি কারণ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে রয়েছে—ঘটনার দিন তাহসিফ ও দিশার মধ্যে কোনো বিরোধ হয়েছিল কি না, তাদের সম্পর্কের পূর্ববর্তী টানাপোড়েন, হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা এবং দুই আসামির বক্তব্য যাচাই করা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত দিশার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, জিজ্ঞাসাবাদে দিশা তাহসিফের সঙ্গে ঘটনার আগে বিভিন্ন স্থানে যাতায়াত ও সময় কাটানোর তথ্য দিয়েছেন। ঘটনার দিন উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ একাধিকবার খাবার খাওয়া এবং রাতে ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
১২:৩০ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং নিউজ::
জনপ্রিয় সংবাদ


























