বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ৫০ শতাংশেরও বেশি এডিস মশার লার্ভা প্রাথমিক পর্যায় বসেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
নগর ভবন অডিটোরিয়ামে ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল ও পরবর্তী কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জরিপের তথ্য তুলে ধরেন।
জরিপে দেখা গেছে, প্লাস্টিকের বালতি, ড্রাম, ভবনের বেজমেন্ট এবং ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার বংশবৃদ্ধির অন্যতম প্রধান উৎস। ফলে বাসাবাড়ির প্রাঙ্গণ ও বিভিন্ন পাত্রে পানি জমতে না দিলে শুরুতেই ৫০ দশমিক ৯ শতাংশ এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ২ হাজার ২৫০টি বাড়িতে বৈজ্ঞানিক উপায়ে এই লার্ভা জরিপ চালানো হয়। আধুনিক ‘কোবো টুলবক্স’ ব্যবহার করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে লার্ভার ঘনত্ব বিচারে ২৯টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।























