প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট জেলায় সরকারি সফরে যাচ্ছেন। সফরের দিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলা যাবেন প্রধানমন্ত্রী, এরপর সেখান থেকে সড়কপথে খুলনা গমন করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সফরে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি মোংলা ও খুলনায় বেশ কিছু নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি খুলনা স্টেডিয়ামে সারা দেশে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা অঞ্চল জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন করা হয়েছে সমগ্র খুলনা মহানগরী। প্রধানমন্ত্রীকে বরণ করতে শহরজুড়ে নানা রঙে সাজানো হলেও যত্রতত্র তোরণ, ব্যানার বা ফেস্টুন না টানিয়ে নান্দনিক গ্রাফিতির মাধ্যমে খুলনার ইতিহাস ও জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে। সরকারপ্রধানের এ সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।























