যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি বা সমঝোতা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ওয়াশিংটন যদি নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে তার জবাবে বিধ্বংসী পাল্টা হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক আলোচনা এখনো সচল রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আলোচক দলের মুখপাত্র ঈসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে তেহরানের এই অবস্থানের কথা জানান।
ঈসমাইল বাঘেই বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতির যে অভিজ্ঞতা, তাতে আশাবাদী হওয়ার সুযোগ কম। তবে মার্কিন বাহিনী নতুন করে আঘাত হানলে ইরান সম্পূর্ণ শক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে এবং চরম বিধ্বংসী জবাব দেবে।
তিনি আরও যোগ করেন, একই সাথে জাতীয় স্বার্থ রক্ষা, শত্রুর আগ্রাসন রোখা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যেকোনো কূটনৈতিক পথ ব্যবহার করতেও প্রস্তুত ইরান।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে ধারণা করা হচ্ছে, ওয়াশিংটনের মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইরানে ফের বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। এরই মধ্যে সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে একটি সীমিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
তবে সেই আক্রমণকে বড় যুদ্ধ হিসেবে দেখতে নারাজ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কেশম দ্বীপের ঘটনাটি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর প্রক্রিয়া নয়, বরং এটি ছিল একটি সামান্য সামরিক পদক্ষেপ।

























