বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীর পানি বণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় কূটনৈতিক সফরের ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর ওপর জোর দিচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার (৩ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক বজায় রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই।’
সীমান্ত নদীগুলোর দ্বিপক্ষীয় পানি ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, যৌথ নদীগুলো নিয়ে যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে। গঙ্গাসহ সব সীমান্ত নদীর আলোচনার জন্য যৌথ নদী কমিশনই আনুষ্ঠানিক কাঠামো।
এছাড়া উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া পূর্ববর্তী আমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিয়ে জয়সওয়াল বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।























