ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকেরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে তাঁরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে আটকে থাকা যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকেরা।
অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
এর আগে মঙ্গলবার দুপুরে তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা সেখান থেকে সরে গিয়ে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।





















