ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হঠাৎ করেই পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায় প্রচার করা হচ্ছে। পারমাণবিক হামলা হলে কী করতে হবে, সে বিষয়ে নাগরিকদের পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার এসব নির্দেশনা প্রচার করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, পারমাণবিক বিস্ফোরণ হলে কেউ যেন সরাসরি সেদিকে তাকিয়ে না থাকেন। হামলার পরপরই শক্ত কোনো স্থাপনার ভেতরে আশ্রয় নিতে হবে। বিস্ফোরণের তরঙ্গ পার না হওয়া পর্যন্ত নিচের দিকে মুখ করে শুয়ে থাকতে হবে।
বিস্ফোরণের তরঙ্গ চলে যাওয়ার পরপরই নিকটস্থ কোনো ভবনে প্রবেশ করতে হবে। এ সময় জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বিস্ফোরণের পর বাইরে অবস্থান করা বা এর ছবি তোলা যাবে না। গাড়িকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
পারমাণবিক বিস্ফোরণের পর কারও শরীরে তেজস্ক্রিয় কণা লাগলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে ফেলতে হবে। এ ক্ষেত্রে কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে। গোসল করা সম্ভব না হলে মুখ, হাত ও শরীরের খোলা অংশগুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হামলার পর অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলে অবস্থান করতে হবে। এ সময় শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খেতে হবে। ২৪ ঘণ্টা পার হলেই সবকিছু নিরাপদ হয়ে যাবে, এমনটি ভেবে নিজে থেকে আশ্রয়স্থল থেকে বের হওয়া যাবে না। বাইরে যাওয়ার আগে অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তবে কোনো ভবনে আগুন লাগা বা ধসে পড়ার আশঙ্কা থাকলে অন্য কোনো নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে।

























