যুক্তরাষ্ট্র যদি তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নেয়, তবে মাত্র দুই দিনের মধ্যে কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দিতে প্রস্তুত ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ অবস্থান পরিষ্কার করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘দুই দিনের স্বল্প সময়ের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইরানের সদিচ্ছা ও ইতিবাচক মনোভাবের বড় প্রমাণ।’
তিনি আরও উল্লেখ করেন, ইরানের মূল দাবিগুলো পূরণ করা হলে খুব দ্রুত হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক আলোচনার পথ উন্মুক্ত করা সম্ভব হবে। মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের বার্তা পৌঁছানো হচ্ছে, ফলে সিদ্ধান্ত নেওয়ার বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পর থেকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের মূল রুট হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে ইরান। ইরানের অনুমতি ছাড়া জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ জারি করে তেহরান, যার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।
ইরানের দাবির মধ্যে রয়েছে অঞ্চলের সব যুদ্ধের অবসান, বিদেশে বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্তি দেওয়া, দেশটির তেল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মার্কিন নৌ-অবরোধের সমাপ্তি।
ইসমাইল বাকাই জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসন বা হামলা চালানো হলে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।
























