হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি শেষে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে তাঁর মুক্তিতে আইনি কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে রবিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন প্রদান করেছিলেন। সেই জামিন স্থগিতের আবেদন নিয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ, যা আদালত খারিজ করে দেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, ব্যাগেজ ট্রলির সংকট এবং জমজমের পানি প্রাপ্তিতে বিলম্বকে কেন্দ্র করে কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাদের হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে গত ২ অক্টোবর রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।


























