শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পাশাপাশি উন্নত বিশ্বের শিক্ষাপদ্ধতি ও অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রশাসন ও শিক্ষা ক্যাডারের মধ্যকার প্রশিক্ষণগত বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ দরকার। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও একই প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে আসেন, তাই তাদের যথাযথ মূল্যায়ন ও প্রশিক্ষণ নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেবল এসএসসি বা এইচএসসি পরীক্ষা নয়, উচ্চশিক্ষার মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বাজেট বরাদ্দ বাড়িয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।





















