বাজারে অস্থিরতার মধ্যেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিইআরসি নতুন এই দর ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম রাত ৮টার পর থেকে কার্যকর হবে। বিইআরসির মতে, আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণেই এই দাম সমন্বয় করতে হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, বিইআরসি ঘোষিত দামে বাজারে কখনোই গ্যাস পাওয়া যায় না এবং পূর্বের নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি দামে বিক্রি হয়ে আসছিল।
একই আদেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। পাশাপাশি এলপিজি খাতের আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা করা হয়েছে। ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর নির্ধারণ শুরু করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসে এই দর সমন্বয় করা হলেও বাজারে কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।


























