যুব আত্মকর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠনের সম্মাননা অর্জন করেছে ‘সাজেদা আনোয়ার ফাউন্ডেশন’। জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সংগঠনটিকে এই গৌরবময় পদক দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, “এই সম্মাননা আমাদের সামাজিক দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ফটিকছড়ির তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের কল্যাণমুখী প্রচেষ্টা অব্যাহত থাকবে।”


























