টানা দশ মাসের তীব্র শারীরিক যন্ত্রণা ও জীবন-মৃত্যুর কঠিন সন্ধিক্ষণ পেরিয়ে অবশেষে চেনা শুটিং ফ্লোরে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দফায় দফায় অস্ত্রোপচার, রেডিওথেরাপির ধকল আর লাইফ সাপোর্টের অনিশ্চয়তা পেরিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরেছেন। এমনকি ভারতের চেন্নাইয়ের চিকিৎসকেরা একপর্যায়ে তার আয়ুষ্কাল মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর হতে পারে বলে যে শঙ্কা প্রকাশ করেছিলেন, সেই পূর্বাভাসকে ভুল প্রমাণ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তানিয়া বৃষ্টি। শুটিংয়ে ফেরা প্রসঙ্গে আবেগাপ্লুত অভিনেত্রী একে নিজের ‘দ্বিতীয় জন্ম’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, গত বছরের ডিসেম্বরে শুটিং চলাকালীন তীব্র মাথাব্যথা থেকে শুরু হওয়া জটিলতা একপর্যায়ে মস্তিষ্কের টিউমারে রূপ নেয়। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকের অনুমতি নিয়েই তিনি কাজে ফিরেছেন।
শুটিং ইউনিটের সার্বিক সহযোগিতা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তানিয়া বৃষ্টি বলেন, জটিল রোগের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে প্রয়োজন অদম্য মানসিক শক্তি। ক্যানসার কিংবা টিউমারের মতো কঠিন অসুখের কথা শুনলেই মনোবল হারানো চলবে না; বরং সঠিক চিকিৎসা, পরিবারের আন্তরিক সমর্থন ও ইতিবাচক মনোভাবই সুস্থ হয়ে ওঠার মূল শক্তি।
























