অভিনয়ের ব্যস্ততার ফাঁকে অবকাশ পেলেই দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভ্রমণপিয়াসী এই তারকা সুযোগ পেলেই নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন।
সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ব্যতিক্রমী পর্যটনকেন্দ্রে তোলা আকর্ষণীয় কিছু ছবি শেয়ার করে নতুন করে নজর কেড়েছেন প্রভা। ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত বহুল আলোচিত ‘সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট’-এ কাটানো মুহূর্তগুলো তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। কাচ আর আয়নার প্রতিফলনে ঘেরা সেই বহুতল পর্যবেক্ষণকেন্দ্রের নয়নাভিরাম দৃশ্য যেন ছবিগুলোতে এক মায়াবী রূপ তৈরি করেছে।
প্রকাশিত ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে টুকটুকে লাল রঙের নেটের পেটাল স্লিভসযুক্ত ক্ল্যাসিক পোশাকে। পোশাকের সঙ্গে মিল রেখে ঠোঁটে গাঢ় লিপস্টিক, কানে মুক্তার দুল ও কাঁধে স্টাইলিশ ব্যাগ নিয়ে সাবলীল ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। দিনটির রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আয়নার প্রতিফলনে তৈরি হওয়া অপটিক্যাল ইল্যুশনের মোহনীয় আবহ তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
উল্লেখ্য, এর আগেও শ্রীলঙ্কার অপরূপ মিরিসা সৈকতে অবকাশ যাপনের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানোই যে তার অন্যতম ভালো লাগা, তা তিনি প্রায়ই সামাজিক মাধ্যমে ব্যক্ত করে থাকেন।
























