বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তাহসিফের বান্ধবী দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামিকে হাজির করা হলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপের জড়িত থাকার প্রাথমিক আলামত মিলেছে। রিমান্ডে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফ ও দীপ একসঙ্গে ছিলেন। দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর কুখ্যাত মাজার বস্তি এলাকায় যান, তবে ফিরে আসেন একাই। আদালতের ফরোয়ার্ডিং আবেদনেও তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন যে দীপকে দীর্ঘমেয়াদে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের আমন্ত্রণে বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে মোহাম্মদপুর থেকে দীপকে পিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেফতার দেখানো হয়।

























