রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ২ অক্টোবর বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ট্রলি সংকট, মালামাল পেতে দীর্ঘসূত্রতা এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকির রূপ নেয়। পরবর্তী সময়ে বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি, সরকারি দায়িত্ব পালনে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাদের হেনস্তার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

























