ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ের মাধ্যমে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখালেও মিরপুরে এসে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংস্যে চরম ব্যাটিং বিপর্যয় এবং দায়িত্বহীন ফিল্ডিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের দায়িত্বহীনতায় মাত্র ১৪২ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম শূন্য রানে বিদায় নেন, আর অধিনায়ক শান্ত দুই ইনিংস মিলিয়ে করেন মাত্র ২৯ রান। একপর্যায়ে নাঈম হাসানের ৫২ রানের লড়াকু ইনিংস না থাকলে হারের গ্লানি আরও বড় হতো। ১৭০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয় ওপেনার ব্রেন্ডন কিংয়ের অপরাজিত ৮১ রান এবং জন ক্যাম্পবেলের ৪৯ রানে ভর করে ৩৫.১ ওভারেই জয় নিশ্চিত করে সফরকারীরা।
ব্যাটিং বিপর্যয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের ব্যর্থতাও বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ চার-চারটি ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা, যার মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। একই উইকেটে ক্যারিবিয়ান স্পিনার রোস্টন চেজ ও জোমেল ওয়ারিক্যান যৌথভাবে ৯ উইকেট তুলে নিলেও বাংলাদেশের স্পিন আক্রমণ ছিল একেবারেই ধারহীন।

























