প্রশাসনিক চেইন সমন্বয় ও জনস্বার্থের অজুহাতে সারাদেশে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আগামী ২৯ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। আদেশে বলা হয়েছে, নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।
আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক (নিবন্ধন) মনোনীত কর্মকর্তার নিকট বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে দ্রুত পদায়নকৃত স্থানে যোগদানের প্রশাসনিক ব্যবস্থা নিতে মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


























