নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলার শিকার ছাত্রদল নেতা শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। গত ১৪ অক্টোবর হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছিল।
নিহত শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় যুবদল নেতা ইসরাফিল শেখ ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান। শাকিলের ওপর হামলার ঘটনায় তাঁর বাবা রবিউল মিস্ত্রি গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।























