অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার রোধ করতে মেটা তার প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে মোট ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত এই পদক্ষেপ নেওয়া হয়। মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে ইনস্টাগ্রামের ৪ লাখ ৬২ হাজার এবং ফেসবুকের ২ লাখ ৯৪ হাজার অ্যাকাউন্ট রয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মেটা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত ১০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। এটি বিশ্বের প্রথম এই ধরনের আইন, যা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ১৬ বছরের কম বয়সী অস্ট্রেলীয়দের অ্যাকাউন্ট বন্ধে ‘যুক্তিসংগত পদক্ষেপ’ নিতে বাধ্য করে।
মেটার প্রকাশিত তথ্য অনুসারে, অ্যাকাউন্ট বন্ধের সবচেয়ে বড় অংশটি ঘটেছিল নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম মাসেই। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এক মাসে ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। পরবর্তী মাসগুলোতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকে এবং জুন পর্যন্ত মোট সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজারে। মেটা জানিয়েছে, যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সেগুলো ১৬ বছরের কম বয়সী অস্ট্রেলীয়দের বলে প্রতিষ্ঠানটি সন্দেহ করেছে।
মেটা শুরু থেকেই অস্ট্রেলিয়ার এই আইনের বিরোধিতা করে আসছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, আইনটির সঙ্গে তাদের মতপার্থক্য থাকলেও তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিটি বয়স শনাক্তকরণে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, যার মধ্যে ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য বিশ্লেষণ এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত। বয়সের সীমা পূরণ না করলে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
তবে, মেটা এত বিপুলসংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করলেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়ার সরকারি হিসাব ও একাধিক স্বাধীন গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সী ১০ জনের মধ্যে ৮ জনের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছিলেন।
রিপোর্টারের নাম 























