পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কলেজ রোডসংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন অডিটোরিয়ামের কাজ প্রায় দুই যুগেও শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ২০০৪ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই প্রকল্পের কাজ শুরু হলেও, রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক জটিলতার কারণে ২০০৭ সাল থেকে তা বন্ধ হয়ে আছে।
দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় অডিটোরিয়ামের ছাদ ও বিম ঢালাইয়ের পর রডগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। প্লাস্টার না হওয়ায় ইটের গাঁথনি ভেঙে পড়ছে এবং পুরো এলাকা পরগাছা ও লতাপাতায় ছেয়ে ঝোপজঙ্গলে পরিণত হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান বলেন, অডিটোরিয়ামের কাজ এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মনিরুজ্জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসাদুজ্জামান মনির জানান, প্রাক্কলনে ত্রুটি ছিল, পাথরের খোয়ার বদলে ইটের খোয়া ব্যবহারের বরাদ্দ থাকায় জটিলতা দেখা দেয়। বিষয়টি নিষ্পত্তির আগেই সরকার পরিবর্তন হওয়ায় কাজ আর এগোয়নি এবং তার জামানতের অর্থও আটকে আছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি সরেজমিনে পরিদর্শন করে পরিত্যক্ত ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। বর্তমান তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় থাকায়, এলাকাবাসী আশা করছেন, ২০০৪ সালে শুরু হওয়া এই প্রকল্পটি এবার আলোর মুখ দেখবে।
রিপোর্টারের নাম 



















