শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) শাখার কার্যক্রম শুরু হয়েছে। গত ৩০ জুলাই (২০২৬) এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতারা দেশের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. আকুল হোসেন, মহাব্যবস্থাপক (পরিদর্শন ও তদন্ত), সদর দপ্তর, বিএসএফআইসি এবং সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিক (আপেল), ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি), সদর দপ্তর, বিএসএফআইসি বক্তব্য দেন। তারা জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার পাশাপাশি দেশের চিনি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রমকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আশা প্রকাশ করেন। একই সঙ্গে বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. আনোয়ারুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বেচ্ছাসেবী পেশাজীবী সংগঠন হিসেবে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















