জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সভাপতি এম আবদুল্লাহ। মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে তিনি এই অনুদানের অর্থ তুলে দেন। ফাউন্ডেশনের পক্ষে অনুদান গ্রহণ করেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান।
অনুদান হস্তান্তরকালে এম আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ফাউন্ডেশনের আর্থিক সংকটের কথা জানতে পেরে তিনি তার এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার এই সিদ্ধান্ত নেন। তিনি সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষকে শহীদ পরিবারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগের জন্য এম আবদুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটি গত কয়েক মাস ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, যার ফলে এর কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হচ্ছিল। এই অনুদান ফাউন্ডেশনের সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















