রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। তিনি আগামী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চ্যান্সেলরের আদেশে পাঁচ শর্তে এই পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্তাবলিতে তার চার বছর মেয়াদের দায়িত্বকাল, মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি, বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
নিজের অনুভূতি প্রকাশ করে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। তিনি জানান, প্রতিটি দায়িত্ব মানুষকে নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। তিনি সর্বদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















