লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান এই বাজেট পেশ করেন।
ঘোষিত বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা। এর বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা, যা ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত প্রদর্শন করছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জিএস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাসসহ রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, সাধারণ সম্পাদক রাজু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি জাকির হোসেন পাটোয়ারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের সামনে পৌর প্রশাসক বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই বাজেট রামগঞ্জ পৌরসভার টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 

























