বাংলাদেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণ ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রোববার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, এভিয়েশন মানেই হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। অথচ দেশের এভিয়েশন খাত বর্তমানে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে কার্গো রপ্তানি ব্যয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ব্যাংকক বা দিল্লিতে যেখানে প্রতি কেজি পণ্য রপ্তানিতে ৫ সেন্ট খরচ হয়, সেখানে বাংলাদেশে দিতে হয় ২৫ সেন্ট। এই উচ্চ ব্যয় সবজি রপ্তানির মতো অমিত সম্ভাবনাময় খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, করোনা মহামারি বা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো সংকটে সরকার বা কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায় না। দেশীয় এয়ারলাইন্সগুলোকে প্রমোট করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছোটখাটো যান্ত্রিক ত্রুটি নিয়ে নেতিবাচক প্রচারণার বদলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ২০২৭ সালের মধ্যে বিশ্বের ২০টি দেশের ৩০টি গন্তব্যে ডানা মেলার পরিকল্পনা করছে ইউএস-বাংলা, যেখানে বহরে যুক্ত হবে আরও ২১টি নতুন উড়োজাহাজ।
রিপোর্টারের নাম 

























