পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার। উন্নয়ন মানে কেবল অবকাঠামো নির্মাণ নয়, প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখাও আধুনিক রাষ্ট্র গড়ার অবিচ্ছেদ্য অংশ। তিনি প্রত্যেক শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে আখ্যায়িত করেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে এই মহতী উদ্যোগের সূচনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 

























