‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের আজ জন্মদিন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য এবং গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপের মাধ্যমে তিনি বাংলা কবিতায় এক স্বতন্ত্র ধারা নির্মাণ করে গেছেন।
ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কবিতায় নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেন। ১৯৭৩ সালে প্রকাশিত তার কালজয়ী কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে প্রতিষ্ঠিত করে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তার কবিতা পেয়েছে এক অনন্য শিল্পরূপ।
কবি আল মাহমুদ শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’। তার জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এই মহান কবি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।
রিপোর্টারের নাম 
























