ভারতের শিক্ষাব্যবস্থায় এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ১৩টি করে স্কুল বন্ধ হয়ে গেছে। এর ফলে এক বছরে মোট ৪ হাজার ৭৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে, যার অর্ধেকেরও বেশি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।
ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউডিআইএসই+) এর তথ্যমতে, বন্ধ হওয়া স্কুলগুলোর মধ্যে মধ্যপ্রদেশেই বন্ধ হয়েছে ২ হাজার ৪২৬টি। এর বাইরে তেলেঙ্গানায় ১ হাজার ৩৯২টি, পশ্চিমবঙ্গে ৫৬৮টি, অন্ধ্রপ্রদেশে ৪৭৪টি, তামিলনাড়ুতে ৩৬৯টি, কর্ণাটকে ২৮১টি এবং হিমাচল প্রদেশে ২৬৬টি স্কুল বন্ধ হয়েছে। সামগ্রিকভাবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেখানে ভারতে মোট স্কুলের সংখ্যা ছিল ১৪ লাখ ৭১ হাজার ৪৭৩টি, সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২টিতে।
তবে কিছু রাজ্যে স্কুলের সংখ্যা বাড়লেও শিক্ষার্থীদের ভর্তির হার কমেছে, যা এক ভিন্ন ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়। যেমন, বিহারে নতুন ৯৪৬টি স্কুল যুক্ত হয়েছে, ছত্তিশগড়ে ২৩৪টি এবং দিল্লিতে ৮৭টি। কিন্তু এই তিন রাজ্যেই শিক্ষার্থী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বিহারে গত বছরের তুলনায় ৪ লাখ ৩৭ হাজার ৩৭ জন শিক্ষার্থী কম ভর্তি হয়েছে, ছত্তিশগড়ে ৪৯ হাজার ৪৫৯ জন এবং দিল্লিতে ৪৫ হাজার ২৫০ জন শিক্ষার্থী কমেছে। এই পরিসংখ্যান ভারতের শিক্ষাক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে।
রিপোর্টারের নাম 






















