রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে নিম্নমানের শিশুখাদ্য ও প্রসাধন সামগ্রী বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ পণ্য নিশ্চিত ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত এই অভিযানে ‘আলমাস সুপার শপ’-এ বিএসটিআইর অনুমোদনহীন ও নিম্নমানের চকলেট, ফ্লেভার ড্রিংকস এবং গুঁড়া দুধসহ বিভিন্ন শিশুখাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ‘সোফিয়াস বিউটি হাউস’ নামের একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানকে নিম্নমানের কসমেটিকস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআইর কর্মকর্তারা জানিয়েছেন, ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেশজুড়ে অব্যাহত থাকবে। কেনাকাটার সময় ভোক্তাদের বিএসটিআইর লোগো ও অনুমোদনের বিষয়টি যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















