তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করছেন এমন ঘোষণার পরপরই এর কড়া বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়া জানান।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্কের কাছে বিক্রি করা উচিত হবে না। তার মতে, তুরস্ককে এই যুদ্ধবিমান দেওয়া মানে এই নয় যে দেশটি যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, তুরস্ক এমন একটি সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে যারা মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত এবং ওই সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে।
এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের তৈরি ‘লকহিড মার্টিন এফ-৩৫ লাইটনিং-২’ যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা হবে কি-না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন।
সাক্ষাৎকারে এরদোয়ানের সঙ্গে নিজের চলমান বিরোধের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, এরদোয়ান ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেন। এফ-৩৫ পেলে পরিণতিতে তুরস্ক আরও ‘আগ্রাসী’ হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নেতানিয়াহু জানান, তিনি সরাসরি ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার আহ্বান জানিয়েছেন।
তবে, নেতানিয়াহু দাবি করেন যে, বড় বড় বিষয়ে তার ও ট্রাম্পের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে। তিনি বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো তা-ই করেন। আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমি ইসরায়েলের জন্য যা গুরুত্বপূর্ণ, তা-ই করি। আর বেশির ভাগ ক্ষেত্রেই এই দুই দেশের স্বার্থ এক।’
রিপোর্টারের নাম 





















