তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মেল জরিস ভ্যান বোমেল। বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নবনিযুক্ত তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা বর্তমানে আরও সম্প্রসারিত হয়েছে। তিনি এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিটি ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ দেখান। মন্ত্রী আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকো-সিস্টেম আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















