বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশ মানবপাচার রোধ, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনায় ভিসা সহজীকরণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন। তিনি জানান, বর্তমান সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। বিশেষ করে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে তিনি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন।
রিপোর্টারের নাম 





















