টানা দুই দিনের ভারি বর্ষণ এবং পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ আশপাশের ঝর্ণা, পাহাড়ি ট্রেইল এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক ও সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ। এছাড়া সাজেক থেকে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকদের নিজ নিজ অবস্থানে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সাজেক আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির ফলে মাচালং, বাঘাইহাট ও দিঘীনালা এলাকার বেশ কিছু নিচু স্থানে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। অনেক পর্যটক বর্তমানে সাজেকের বিভিন্ন রিসোর্টে আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 


















