নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও ভিয়েতনামের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মানব পাচার রোধে উভয় দেশ একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভিয়েতনামের পক্ষে ছিলেন জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন যে, বর্তমান সরকার ভিয়েতনামের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ককে আরও গতিশীল করতে অত্যন্ত আগ্রহী। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ ভিয়েতনামের সাথে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও বহুমুখী অংশীদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
আলোচনায় ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃত পর্যটক, ব্যবসায়ী এবং বৈধ কর্মজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এছাড়া মাদক চোরাচালান ও আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।
রিপোর্টারের নাম 



















