দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ আগামী তিন দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়ে কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। বন বিভাগ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের সৃষ্টি হতে পারে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
জরুরি নির্দেশনায় ঝরনার ইজারাদারদের বন্ধের সময় কোনো পর্যটককে প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, “অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনাগুলোতে পানির স্রোত অনেক বেড়ে গেছে। এই সময়ে ঝরনায় যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” উল্লেখ্য, বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























