বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালামকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নম্বর আদেশ)-এর ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে এই পদে নিয়োগ দিয়েছেন।
এদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি অ্যাডহক ম্যানেজিং বোর্ডও গঠন করা হয়েছে। এই বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. রফিকুল কবির এবং ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. তৌফিক মো. মোশাররফ হোসেন (রানা)-কে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস কার্যকর থাকবে। এই নিয়োগ ও বোর্ড গঠন রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















