ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর চালানো অমানবিক নির্যাতনের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সমুদ্রসীমায় ত্রাণবাহী নৌযানে হামলা, কর্মীদের ওপর যৌন নিপীড়ন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান আলির সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘গ্লোবাল মুভমেন্ট টু গাজা’ নামক সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর আচরণের বিষয়ে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
উল্লেখ্য, ত্রাণবাহী ওই বহরে থাকা কর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় ইতালি ও ফ্রান্স ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ইতালির তদন্ত প্রক্রিয়ায় ইসরাইলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন গভিরের নামও উঠে এসেছে। একটি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আটক ফ্লোটিলা কর্মীদের জোরপূর্বক কষ্টদায়ক অবস্থানে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের ওপর শারীরিক শক্তি প্রয়োগ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার এই তদন্তের সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ইসরাইলের ওপর চাপ আরও বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















