দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে কোনো ধরনের বাধা ছাড়াই পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করছে ইরানের তেলবাহী ও পণ্যবাহী জাহাজগুলো। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বেশ কিছু ইরানি ট্যাংকার ইতিমধ্যে অবরোধের সীমানা পেরিয়ে উন্মুক্ত সমুদ্রের পথে যাত্রা করেছে।
সামুদ্রিক বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ইরানের বন্দরের অভিমুখে আসা একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ নির্বিঘ্নে অবরোধ অঞ্চল পার হয়েছে। এর পাশাপাশি গবাদি পশুর খাদ্যবাহী আরেকটি জাহাজও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ইরানি বন্দরে পৌঁছানোর পথে রয়েছে। এই ঘটনাকে নৌ অবরোধ শিথিল করার একটি প্রাথমিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসন এখন ইরানি জাহাজগুলোকে পুনরায় তাদের বন্দরে ফিরে আসার এবং আন্তর্জাতিক জলসীমায় যাওয়ার অনুমতি দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, আগামী শুক্রবার একটি সম্ভাব্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে এবং তেহরানের প্রতি ‘শুভেচ্ছা নিদর্শন’ স্বরূপ ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। ইরান দীর্ঘ সময় ধরে এ ধরনের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় ছিল। তেহরান মনে করছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার একটি বড় পরীক্ষা শুরু হলো। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, এই প্রক্রিয়া যেন কেবল সাময়িক না হয়ে ধারাবাহিক হয় এবং ভবিষ্যতে মুক্তভাবে নৌ চলাচলের পরিবেশ বজায় থাকে।
রিপোর্টারের নাম 





















