গাজীপুরের টঙ্গীতে এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ১০ হাজার পিস এবং নগদ টাকার পরিমাণ ৫৮ লাখ। এছাড়াও তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের এসআই এসএম মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- নরসিংদীর সদর উপজেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)। পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 





















